ঊষার আলো ডেস্ক : খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি এম এ সবুর রানাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ বৃহস্পতিবার (৩ জুন) খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার আবেদন নামঞ্জুর করেন।
এর আগে একই মামলায় গত ২০ এপ্রিল বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র খুলনা প্রতিনিধি সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তিনি। জানা গেছে, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাদি হয়ে ২০ এপ্রিল সেই দু’জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন, মামলা নং-২৫।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে জড়িয়ে অসত্য এবং বিভ্রান্তিকর সংবাদ দেয় ওই ২ সাংবাদিক। এতে করে মেয়র তালুকদার আব্দুল খালেকের সম্মান ক্ষুন্ন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)
