UsharAlo logo
, |

খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ‘এডুরম’ ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ (eduroam) উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের এডুরম-সংযুক্ত ওয়াইফাই নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের সুযোগ পাবেন।

আজ ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ‘এডুরম’ নেটওয়ার্ক সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট ও আধুনিক গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এডুরম একটি গুরুত্বপূর্ণ সংযোজন। শিক্ষক-শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা কিংবা সেমিনারে অংশগ্রহণের সময় নিরবচ্ছিন্ন ও নিরাপদ ইন্টারনেট সুবিধা পাবেন, যা তাদের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে নিরাপদ নেটওয়ার্কিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডুরম সেই চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এডুরম একটি বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত উচ্চ নিরাপত্তাসম্পন্ন আন্তর্জাতিক নেটওয়ার্কিং সেবা। একজন শিক্ষক বা শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয়ের আইডি ব্যবহার করে বিশ্বের যেকোনো এডুরম-সংযুক্ত ক্যাম্পাসে ইন্টারনেটে সংযুক্ত হতে পারেন। একবার লগইন করার পর বিশ্বের যেকোনো এডুরম নেটওয়ার্ক জোনে প্রবেশ করলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যায়।

এই নেটওয়ার্ক ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে এবং বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এডুরম নেটওয়ার্কের আওতায় রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল জানায়, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের ল্যাপটপ বা স্মার্টফোনে সহজেই এডুরম নেটওয়ার্ক সেটআপ করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন সংশ্লিষ্ট ডিসিপ্লিন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ঊআ-মোহন চৌধুরী