খুলনা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।
নজরুল ইসলাম মঞ্জু ব্যবসায়ীদের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে খুলনাকে ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ব্যবসায়ীরা ন্যায়নিষ্ঠ ও সৎ থাকলে সাধারণ মানুষ উপকৃত হয়; অন্যথায় জনগণের দুর্ভোগ বাড়ে।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের ধারাবাহিকতায় এখনো বিভিন্ন স্থানে ক্ষুদ্র, মাঝারি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। তাঁর ভাষায়, “ব্যবসায়ীরা চাঁদা দিলে ক্রেতারা বাড়তি দামের যাতাকলে পিষ্ট হয়।” নির্বাচিত হলে মহানগরীতে কোনো ধরনের সমাজবিরোধী গোষ্ঠীর অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্কবার্তা দেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, মাহবুব হাসান পিয়ারু, শের আলম সান্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। থানা, ওয়ার্ড ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।
ঊআ-রহমাতুল্লাহ
