UsharAlo logo
, |

খুলনা-৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হবে: শফিকুল আলম মনা

খুলনা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে গণসংযোগ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় খালিশপুরের ১৪নং ওয়ার্ডের বৈকালী বাজার এলাকায় এবং বিকেল ৫টায় ৯নং ওয়ার্ডের বাস্তহারা এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে আয়োজিত পথসভায় অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে হয়েছে এবং জনগণের মতামত উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ ধানের শীষে ভোট দেওয়া উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব এখন বিএনপির কাঁধে। তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও শক্তিশালী দাবি করে তিনি বলেন, জনগণের সাড়া প্রমাণ করে ধানের শীষই মানুষের শেষ ভরসা। নেতাকর্মীদের উদ্দেশে তিনি শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান এবং উসকানি বা ষড়যন্ত্রে পা না দেওয়ার পরামর্শ দেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাবু, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইসতি, সিনিয়র যুগ্ম সম্পাদক মুন্তাসির আল মামুন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ খালিশপুর থানা ও বিভিন্ন ওয়ার্ডের মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ঊআ-রহমাতুল্লাহ