UsharAlo logo
, |

গুলির আঘাতে সংকটাপন্ন শরীফ ওসমান হাদি—চিকিৎসকরা কি তাকে বাঁচাতে পারবেন?

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল। বিবৃতিতে জানানো হয়, শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর অপারেশন-পরবর্তী চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে জানানো হয়, শরীফ ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ব্যবস্থাপনায় রেখে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। এছাড়া তার ফুসফুসে আঘাত রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব দিয়ে রক্তক্ষরণ হওয়ায় ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে, যাতে সংক্রমণ বা এআরডিএসের মতো জটিলতা সৃষ্টি না হয়।

চিকিৎসকরা জানান, কিডনির কার্যক্ষমতা কিছুটা ফিরেছে এবং সেটি ধরে রাখতে ফ্লুইড ব্যালেন্স সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর আগে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে যে অসামঞ্জস্যতা (ডিআইসি) দেখা দিয়েছিল, তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে; তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তের উপাদান ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ব্রেন স্টেমে আঘাতের কারণে তার রক্তচাপ ও হৃদস্পন্দন ওঠানামা করছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। মেডিক্যাল বোর্ড ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, আইসিইউ, রেডিওলজি, অ্যানেসথেসিয়া ও নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

মেডিক্যাল বোর্ডের ভাষ্য অনুযায়ী, বর্তমানে শরীফ ওসমান হাদির সার্বিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার চিকিৎসা সংক্রান্ত সারসংক্ষেপ পরিবারের সদস্যদের জানানো হয়েছে এবং তাদের সম্মতিতে গণমাধ্যমে আপডেট দেওয়া হতে পারে। অযথা হাসপাতালে ভিড় না করার এবং কোনো ধরনের গুজব বা অনুমানভিত্তিক তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতির শেষাংশে মেডিক্যাল বোর্ড জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে চিকিৎসক দল ও তার পরিবার।

ঊআ-মোহন চৌধুরী