UsharAlo logo
, |

তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ নিরাপদ ও গণতান্ত্রিক হবে—খুলনা মহানগর বিএনপি

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগরের নেতৃবৃন্দ। তারা বলেন, তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, গণতন্ত্রে অটল বিশ্বাস এবং জনগণের প্রতি দায়বদ্ধতাই দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখবে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলের পূর্বসমাবেশে এসব কথা বলেন নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতিতে একটি শক্তিশালী, দূরদর্শী ও গণতান্ত্রিক নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে। তারেক রহমান সেই নেতৃত্ব দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখেন।
নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপি একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে কাজ করছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। এসব সংস্কার বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।
বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য নতুন আশার সঞ্চার করবে। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং সেই লক্ষ্যে বিএনপি রাজপথে রয়েছে ও থাকবে।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল, ওলামা দল ও জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ নির্বাচনের দাবি এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়।

ঊআ-মোহন চৌধুরী