UsharAlo logo
, |

দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

 জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সরকারি পরিচালক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে চায়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খুলনা জেলার কয়রা বালিকা বিদ্যালয় মাঠে কয়রা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ইসলামভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা অতীতে যেমন ছিল, আগামীতেও তেমনই থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। এ সময় তিনি খুলনা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

কয়রা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডা. সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. এমদাদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দীন, পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উপদেষ্টা ডা. লুৎফর রহমান, সুন্দরবন নার্সিং হোমের পরিচালক ও উপদেষ্টা ডা. কামরুজ্জামান টুকু, সহকারী সেক্রেটারি ডা. কামরুজ্জামান, ডা. আমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমি কয়রাবাসীকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানাই। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত কয়রা-পাইকগাছা গড়ে তোলা এবং এই জনপদের সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরও প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলের অনেক নির্বাচনী অফিস এখনো খোলা রয়েছে, যা স্পষ্টভাবে আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও বলেন, এই আসনে পূর্ববর্তী জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা অনুযায়ী অনেক কাজ সম্পন্ন করতে পারেননি। জামায়াতে ইসলামী সেই অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে চায়। বিশেষ করে কয়রা-পাইকগাছাবাসীর স্বাস্থ্য ও শিক্ষাখাতে মৌলিক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর কয়রা-পাইকগাছা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ঊআ-মোহন চৌধুরী