UsharAlo logo
, |

দৌলতপুরকে ইনসাফভিত্তিক মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই: অধ্যাপক মাহফুজুর রহমান

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা শুধু ক্ষমতার পরিবর্তন চাই না; দৌলতপুরকে একটি ইনসাফ কায়েমকারী আদর্শ মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ এবার দৌলতপুরের জনগণ সৎ, দক্ষ, যোগ্য, শিক্ষিত ও মানবিক নেতৃত্বের প্রার্থীকেই নির্বাচিত করবে। দৌলতপুরের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নে জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনই হবে তার প্রধান অগ্রাধিকার।

বুধবার (৭ জানুয়ারি) খুলনা-৩ আসনের দৌলতপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “আপনাদের এই ভালোবাসা আমাকে অনুপ্রেরণা যোগায়। আমি আপনাদের পাশে থাকতে চাই এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করতে চাই।” তিনি পরিবর্তনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, জামায়াত নেতা আজিজুর রহমান স্বপন, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, মাওলানা সেলিম রেজা, হাসিবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, আবরার জিহাদ, শরীফ আল নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, তার নির্বাচনী এলাকা খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা এলাকায় ইতোমধ্যে পেশিশক্তি ও অস্ত্রের মহড়া শুরু হয়েছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, “১৭ বছর ধরে প্রশাসনের দমন-পীড়নের মুখেও আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আছি। ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। যারা আল্লাহকে ভয় করে, তারা অন্য কারও ভয়ে বিচলিত হয় না।”

তিনি বলেন, গত ১৭ বছর ধরে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং ধৈর্যের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ‘ইমম্যাচিওর’ বা প্রস্তুতিহীন নির্বাচন তারা মেনে নেবেন না। “আমরা চাই একটি লেভেল প্লেয়িং ফিল্ড, যেখানে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না”—যোগ করেন তিনি।

ঊআ-মোহন চৌধুরী