UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নতুন মাদক এলএসডি উদ্ধার

ঊষার আলো
মে ২৭, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর একটি বাসা থেকে বুধবার (২৬ মে) রাতে এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) নামক নতুন মাদকদ্রব্যসহ তিন ছাত্রকে আটক করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার তিন ছাত্রের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপল ও তূর্য এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব।
বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামিকে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড শুনানির জন্য আদালত রবিবার (৩০ মে) দিন ধার্য করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার বলেন, ‘এই মাদক (এলএসডি) নেদারল্যান্ড থেকে দেশে আনা হয়। দেশে এই মাদক জব্দের ঘটনা এটাই প্রথম। ফেসবুকের দুটি পেজে এই মাদকের ব্যবসা পরিচালনা করা হতো। এর গ্রাহক বেশিরভাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’ মাদকটি উচ্চবিত্তদের জন্য বলেও উল্লেখ করে তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঢাবি শিক্ষার্থী হাফিজুর রহমানের আত্মহত্যার ঘটনা তদন্তাধীন রয়েছে। আমরা খতিয়ে দেখছি। এই মাদকের কারণেই ঘটনাটি ঘটেছে কিনা তদন্ত করে দেখছি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে।’

(ঊষার আলো-এমএনএস)