ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর কন্টিনজেন্ট বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং ৩ জনকে আটক করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে টেকনাফ পৌরসভাধীন নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদককারবারি জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী রোহিঙ্গা হামিদুল্লাহকে আটক করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জুনায়েদের বাড়ি ও একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস (আনুমানিক মূল্য ৬ কোটি টাকা), ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকি-টকি, আটটি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল।
এ ছাড়া বরগুনার বামনা উপজেলায় পৃথক অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী সালমা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে ভোলার দৌলতখান এলাকায় আরেকটি অভিযানে ১০টি ককটেল ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক চোরাচালান প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও দায়িত্বপ্রাপ্ত ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌসদস্য মোতায়েন রয়েছে।
ঊআ-রহমাতুল্লাহ
