২৫ মার্চ বাংলাদেশের গণহত্যা দিবস উপলক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার অফিসের সংবাদকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এর প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। কারণ তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।
তিনি বলেন, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য করা হতো। সরকারি চাকরিসহ নানা ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল বেশি। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে পাইকগাছা উপজেলার কপিলমুনি ক্যাম্পে প্রথম গেরিলা যুদ্ধ পরিচালনা করেন, যেখানে দুইজন মুক্তিযোদ্ধা শহিদ হন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল খুলনার গল্লামারিস্থ তৎকালীন রেডিও পাকিস্তান কেন্দ্র দখল করা হয়। এ অভিযানে আরও তিনজন মুক্তিযোদ্ধা শহিদ হন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। তিনি বলেন, প্রবীণ ও নতুন প্রজন্মের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী, ফাতেমা তুজ জোহরা এবং সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হোসেন।
এসময় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঊআ-রহ
