উৎসবমুখর পরিবেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে ‘শাহ্ সিমেন্ট–কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট–২০২৬’। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতেও কুয়েটের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্ব বজায় রাখবে—এটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা।
পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।
এবারের টুর্নামেন্টে কুয়েটের মোট ১৬টি বিভাগ অংশগ্রহণ করছে, যেগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। উদ্বোধনী দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
উল্লেখ্য, শাহ্ সিমেন্ট ও জনতা ব্যাংক পিএলসি-এর সৌজন্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্ট আগামী ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ও বিকেলে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
