বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনগণের রায় অমান্য করা হলে সংশ্লিষ্টদের ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে। তিনি শহীদ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, নতুন রাষ্ট্র গঠনের সনদ মেনে নিতে হবে এবং এতে কোনো ধরনের পরিবর্তন জনগণ মেনে নেবে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয়, বরং এটি একটি গণভোট হিসেবেও বিবেচিত হয়েছে। অনেক কেন্দ্রে ‘না ভোট’ ও ধানের শীষের ভোট সমান হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নগরীর বৈকালি মোড়ে জামায়াতে ইসলামীর কার্যালয়ে খুলনা-৩ আসনের নির্বাচন পরবর্তী ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের পর বিভাজন নয়, বরং দেশের উন্নয়নই মূল লক্ষ্য হওয়া উচিত। খুলনার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
১৫ নম্বর ওয়ার্ড আমীর হিমেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ ইমামুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, জনগণ ব্যালটের অধিকার ফিরে পাবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তিনি চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে গণতন্ত্র ও সংস্কারের ভিত্তিতে দেশ পরিচালনার আহ্বান জানান।