বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের পরিচালক মামুনুর রহমান নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে তাঁকে এ পদে পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মামুনুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে দেশের কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি এবং খুলনা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রায় দুই বছরের অধিককাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসিতে যথাক্রমে অ্যাসিস্ট্যান্ট অফিসার ও সিনিয়র পদে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে মামুনুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর এবং ১৯৯২ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি সনদ লাভ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি ২৫ অক্টোবর ১৯৬৯ তারিখে খুলনা শহরের বাবু খান রোডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ মারুফার রহমান খুলনা শহরের একজন স্বনামধন্য আইনজীবী এবং মাতা ফরিদা আখতার (লুসি) সরকারি করোনেশন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।
ঊআ-মোহন চৌধুরী
