UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র অধ্যাপক আনিসুজ্জামান

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ১৪ মে ছিল অধ্যাপক আনিসুজ্জামানের (৮৩) প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি ছিলেন বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নক্ষত্র। ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারিতে তার জন্ম। তিনি ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন।

তিনি মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, প্যারিস বিশ্ববিদ্যালয় ও নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ছিলেন। এছাড়া তিনি নজরুল ইনস্টিটিউট এবং বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

এ মহান ব্যক্তি ভাষা আন্দোলন (১৯৫২), ঊনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি একাধিক পুরস্কার লাভ করেছেন। অধ্যাপক আনিসুজ্জামান ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। শিক্ষায় অবদানের জন্য তিনি ১৯৮৫ সালে একুশে পদকে ভূষিত হন। শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তাকে ভারতে পদ্মভূষণ পদক প্রদান করা হয়। ২০১৫ সালে তাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও তিনি ১৯৯৩ ও ২০১৭ সালে দুবার আনন্দবাজারপত্রিকার আনন্দ পুরস্কার, ২০০৫ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট. ডিগ্রি ও ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক পান। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছিল।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে, মুসলিম বাংলার সাময়িকপত্র, মুসলিম মানস ও বাংলা সাহিত্য, পুরোনো বাংলা গদ্য,
আঠারো শতকের বাংলা চিঠি, সাহিত্যে ও সমাজে, আমার একাত্তর, কাল নিরবধি এবং পূর্বগামী।

(ঊষার আলো-এফএসপি)