ঊষার আলো বিনোদন ডেস্ক : বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১ এর মঞ্চে চোখ ধাঁধানো সাজে দেখা দিল ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াকে। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কার জীবনসঙ্গী জনপ্রিয় পপ তারকা নিক জোনাস। রবিবার মাইক্রোসফট থিয়েটারের রেড কার্পেটে গ্ল্যামারের ছটায় মুগ্ধ করে এই তারকা দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা-নিকের পোশাক। প্রিয়াঙ্কা পরেছিলেন ‘ডলস অ্যান্ড গাবানা’-র ২০০৭-এর কালেকশনের লম্বা শিমারি ড্রেস। তার জমকালো পোশাকের ডিজাইন করেছেন ফেন্ডি। সোনালি রঙের থাই-হাই স্লিট গাউনে ফের একবার নজর কাড়লেন অভিনেত্রী। সঙ্গে বাড়তি গুরুত্ব পেয়েছে প্রিয়াঙ্কার আইকনিক ‘ডলস অ্যান্ড গাবানা’ কোচারের বেল্ট। এমন ড্রেস এর আগেও পরতে দেখা গিয়েছে নাওমি ক্যাম্পবেল ও বেয়ন্সেকে।
প্রিয়াঙ্কা তার সাজের সাথে যুক্ত করেছিলেন বুলগেরির গয়না। সঙ্গে স্বামী নিক জোনাসের পরনে ছিলো সবুজ কোট-প্যান্ট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছে অভিনেত্রী। রেড কার্পেটে নিক জোনাসের সঙ্গে যোগ দিয়েছিলেন তার ২ ভাই কেভিন ও জো।
অনুষ্ঠানে জোনাস ব্রাদার্স পারফর্ম করেছে ‘লিভ বিফোর ইউ লভ মি’-গানে। গত বছর এই অ্যাওয়ার্ডে ৩ টি পুরস্কার পেয়েছিল জোনাস ব্রাদার্স। প্রিয়াঙ্কা তাতে লিখেছিলেন, ‘খুবই গর্বিত তোমাদের জন্য’। এবারের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে ডিজে খালেদ, মিগোস এবং বিটিএস-রা অনুষ্ঠান করেছে।
(ঊষার আলো- এম.এইচ)
