UsharAlo logo
, |

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে খুলনায় সেমিনার অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে এক সেমিনার আজ দুপুরে খুলনা সিটি ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, নীতি ও আইসিটি সদস্য মুহাম্মদ মুবিনুল কবীর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থার অন্যতম প্রধান ও কার্যকর কর। দেশের উন্নয়নযাত্রাকে আরও টেকসই করতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পণ্য বিক্রয়ের সময় ক্রেতাকে ভ্যাট প্রদানের গুরুত্ব বোঝাতে হবে এবং সংগৃহীত ভ্যাট নিয়ম মেনে সরকারের রাজস্বখাতে সময়মতো জমা দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ক্রেতার কাছ থেকে আদায়কৃত ভ্যাট ব্যক্তিগত ব্যবসার অর্থ নয়; সময়মতো রাষ্ট্রীয় কোষাগারে তা জমা দেওয়া একজন ব্যবসায়ীর সততা ও নৈতিকতার প্রতিফলন।

খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান, মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান এবং খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার মোঃ সারোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার এস. এম. সোহেল রহমান।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। ভ্যাটদাতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ফজলুর রহমান ও শঙ্কর কর্মকার। সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ভ্যাটদাতারা অংশগ্রহণ করেন।

১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ভ্যাট সপ্তাহের কর্মসূচি।

ঊআ-মোহন চৌধুরী