UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরণের পরিবর্তনের আভাস

ঊষার আলো
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।রোববার (৫ ফ্রেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে এক বৈঠকে এমন আভাস দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

জানা যায়, মালয়েশিয়ায় কর্মীদের স্বার্থে সমঝোতা স্মারক (এমওইউ) পরিবর্তন, অভিবাসন ব্যয় কমানোসহ আরও নতুন সংযোজন কথা উঠে এসেছে বৈঠকে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি মাসেই ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসবে ঢাকা-কুয়ালালামপুর।

এ বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আলাপের মধ্যে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যা যা আছে সব কথাই হয়েছে। এখানে কস্টের ব্যাপার আছে, ওখানে যাওয়ার ব্যাপার আছে। সবকিছুই আলোচনা হয়েছে। একটা বিষয় মনে রাখতে হবে, এ সরকার কিন্তু নতুন সরকার। আগের সরকারের সঙ্গে আমাদের যা কিছু কথা হয়েছে, এখন কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে। এ জিনিসটা তিনি (মালয়েশিয়ার মন্ত্রী) আশ্বস্ত করেছেন।

ইমরান আহমদ বলেন, এমওইউ পরিবর্তন করার কথা আসছে। প্রয়োজন হলে আরও কিছু পরিবর্তন আসবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত উনি (মালয়েশিয়ার মন্ত্রী) এখনও দিতে চাচ্ছেন না। আমার বিশ্বাস, যে দায়িত্ব নিয়ে তিনি (মালয়েশিয়ার মন্ত্রী) কথা বলেছেন, আমরা ভালো কিছুই পাব।

ঊষার আলো-এসএ