দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। অথচ যুগের পর যুগ ধরে এই মেহনতি মানুষরাই সবচেয়ে বেশি অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে শোষণমূলক ব্যবস্থার পরিবর্তে ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর খালিশপুর বিআইডিসি সড়কের শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী আয়োজিত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন ও ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদকদের দিনব্যাপী ‘শিক্ষাশিবির-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করার যে শাশ্বত বিধান ইসলাম দিয়েছে, তা বাস্তবায়িত হলেই শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে এবং দেশের প্রকৃত উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রাম ও ২০২৪ সালের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে, তা নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে বলে তিনি মনে করেন। দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চলছে। অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শ্রমিক, কৃষক, ছাত্র-জনতাসহ সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাড়া-মহল্লা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে শ্রমিকদের সতর্ক ও সচেতন ভূমিকা পালন করতে হবে।
খুলনার শিল্পাঞ্চলের অতীত ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, খুলনা একসময় দেশের অন্যতম প্রধান শিল্পনগরী ছিল। কিন্তু ভুল নীতি ও অব্যবস্থাপনার কারণে এখানকার অনেক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। বন্ধ মিল-কারখানাগুলো আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে হবে।
ট্রেড ইউনিয়ন নেতাদের উদ্দেশে তিনি বলেন, শুধু দাবি আদায়ের আন্দোলনে সীমাবদ্ধ থাকলে চলবে না; নিজেদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নেও মনোযোগী হতে হবে। সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে পারে। শ্রমিকদের অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়নগুলোকে আরও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আদর্শিক প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিক নেতাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তাঁরা কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শ্রমিকদের সংকটেও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খাঁন গোলাম রসুল, খুলনা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল গফফার এবং খুলনা অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান ও আব্দুল খালেক হাওলাদার।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, আনিসুর রহমান মন্টু, বিভিন্ন থানা ও শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষাশিবিরে শ্রমিক আন্দোলনের করণীয়, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঊআ-মোচৌ
