মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাধারণ সভা শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে খুলনায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, কর্মসংস্থান সৃষ্টি ও রুটি-রুজির আন্দোলনে নেতৃত্ব দেবে এমইউজে খুলনা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে গতিশীল ও কার্যকর করতে সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সিনিয়র সদস্য ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনীর উদ্দিন আহমেদ, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলার সভাপতি এম এ হাসানসহ অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, পেশাগত সংকট, গণমাধ্যকর্মীদের অধিকার ও নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সাধারণ পরিষদের সদস্যরা সংগঠনের সার্বিক অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় নতুন সদস্য প্রদান, নতুন কমিটির অভিষেক, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের শাহাদাৎবার্ষিকী পালন, ইফতার মাহফিল, পেশাগত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, সংবাদপত্রের কালো দিবস ১৬ জুন ও গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্টসহ জাতীয় দিবসসমূহ যথাযোগ্যভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতির বাস্তবায়ন, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট–ইলেকট্রনিক–অনলাইন গণমাধ্যমের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ২ দিন ছুটি নিশ্চিত করা, সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমবিরোধী কালাকানুন বাতিল এবং সাংবাদিকদের ন্যায্য পাওনার জন্য পৃথক শ্রম আদালত প্রতিষ্ঠাসহ বিএফইউজে ঘোষিত ৩৯ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
সভায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি ইউনিয়নের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
ঊআ-মোহন চৌধুরী
