UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যশোর থেকে খুলনাগামী ট্রেনও বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

ঊষার আলো
অক্টোবর ২২, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যশোর থেকে খুলনা অভিমুখে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে খুলনার উদ্দেশে কোনো ট্রেন যায়নি। বিএনপি নেতারা বলছেন, সমাবেশ নস্যাৎ করার অপচেষ্টা হিসেবে বাস-লঞ্চের মতোই ট্রেনও বন্ধ করা হয়েছে। বাসের পাশাপাশি ট্রেন বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন খুলনাগামী যাত্রীরা।

যশোর জংশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে বেনাপোল কমিউটার এবং ১১টায় সাগরদাঁড়ি এক্সপ্রেস যশোর থেকে খুলনা যায়। এর মধ্যে সোমবার সাগরদাঁড়ি বন্ধ থাকে। তবে শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো ট্রেন খুলনার উদ্দেশে ছেড়ে যায়নি।

সকাল ১১টা ১৫ মিনিটে যশোর জংশনে কথা হয় খুলনার ট্রেনের জন্য অপেক্ষমাণ আব্দুর রাজ্জাক খানের (৭০) সঙ্গে। তার বাড়ি যশোরের রূপদিয়ায়। বৃদ্ধ এই মানুষটি জানান, তিনি হার্টের রোগী। তার হার্টে ছিদ্র রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আজই খুলনা ২৫০ শয্যা হাসপাতালে তার চিকিৎসক দেখানোর কথা রয়েছে। বাস বন্ধ থাকায় তিনি সকাল সাড়ে ৯টার দিকে যশোর স্টেশনে এসেছেন। কিন্তু এখন পর্যন্ত ট্রেনের দেখা পাননি। তিনি বলেন, ‘অসুস্থ অবস্থায় এই কষ্ট কিভাবে সহ্য করা যায়? অন্যের দায় সাধারণ মানুষকে আর কত দিন বহন করতে হবে?

খুলনার ট্রেনের জন্য অপেক্ষমাণ আরেক যাত্রী পারভীন বেগমের সঙ্গে তার দুই কন্যা ও বড় একটি ব্যাগ রয়েছে। খুলনার দৌলতপুরে তাদের বাড়ি। বোনের ছেলের বিয়ে উপলক্ষে কয়েক দিন আগে যশোর এসেছিলেন। তিনি বলেন, আজ বাড়িতে জরুরি কাজ আছে। এ কারণে বাড়ি না ফিরলেই নয়। ওদিকে বাস বন্ধ। সকাল থেকে স্টেশনে বসে আছি। টিকিট কাউন্টার থেকে বলছে ট্রেন লেট। মেয়েদের নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে যশোর জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধু বলেন, ‘খুলনায় বিএনপির মহাসমাবেশ নস্যাৎ করতে বাস-লঞ্চের মতোই ট্রেনও বন্ধ করা হয়েছে। তবে তাতে তাদের উদ্দেশ্য পূরণ হবে না। সব বাধা উপেক্ষা করে ইতোমধ্যে মহাসমাবেশে বিপুল জনসমাগম হয়েছে। আরো জনসমাগম হবে।

যশোর স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, ‘বেনাপোল কমিউটার ক্যানসেল হয়েছে। আর ঈশ্বরদী স্টেশনে সাগরদাঁড়ি এক্সপ্রেসের ইঞ্জিন ফেল করেছে। ’

ঊষার আলো-এসএ