UsharAlo logo
, |

রূপসা নদী থেকে স্কুলছাত্র রাফির মরদেহ উদ্ধার

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফি নগরীর রূপসা স্ট্যান্ড রোডের ডা. আলতাফ আলী লেনের এডভোকেট শাহাজাহানের বাড়ির ভাড়াটিয়া মো. রফিক শেখের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার আছরের নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রাফি। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে লবণচরা থানাধীন রেলব্রিজ এলাকার নদীর মাঝখানে একটি শিশুর লাশ ভাসতে দেখা যায়। বিষয়টি রাফির পরিবারকে জানানো হলে পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়।

রাফির ছোট মামা আল আমিন বলেন, শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ তার ভাসমান মরদেহ পাওয়া গেল। বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাফির মরদেহ পারিবারিক দাফনের জন্য খুলনার তেরখাদা উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঊআ-মোহন চৌধুরী