UsharAlo logo
, |

শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখায় ভোটের আহ্বান

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল্লাহ শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী সোনাডাঙ্গা থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি সঙ্গীতার মোড়, শেখপাড়া বাজার, তেতুলতলা মোড়, চামড়া পট্টি, দেবন বাবু রোড, গোবরচাকা, মধ্যপাড়া, গাবতলা, পৈপাড়া, বিসমিল্লাহ মহল্লা, ডালমির মোড়, ময়লাপোতা ও বকশিপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পথসভায় মুফতী আমানুল্লাহ বলেন, দেশকে ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী আদর্শের বিকল্প নেই। তিনি দাবি করেন, সারাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের কল্যাণ, মানবতার মুক্তি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ভোটারদের হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, নগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ঊআ-রহমাতুল্লাহ