UsharAlo logo
, |

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কেএমপি কমিশনারের কাছে স্মারকলিপি

ঊষার আলো ডেক্স
জুলাই ১৯, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় চার সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।

রোববার (১৯ জুলাই) বিকেলে কেএমপি কমিশনারের সম্মেলন কক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে পুলিশ কমিশনার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনেওয়াজ এবং সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত. ম. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে খুলনা সদর থানার শান্তিধাম মোড় এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান ও এমইউজে খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুল, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ হুমায়ুন কবীর রানা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখসহ কয়েকজন সাংবাদিক। এ সময় মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি রকিবুল ইসলাম মতির বসার টুলে আঘাত করার পর আওয়াল শেখের বুকের ডান পাশে স্পর্শ করে বেরিয়ে যায়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, এ ঘটনার পর খুলনার সাংবাদিক সমাজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অতীতে সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, শেখ বেলাল উদ্দিন, হারুন অর রশীদ খোকনসহ খুলনায় নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার এমন হামলার সাহস পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি হুমকি। তাই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি খুলনায় কর্মরত সব সাংবাদিকের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।