ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ৭ জনই করোনায় আক্রান্ত হয়ে রেড জোনে চিকিৎসাধীন ছিল। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জনের ও বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে।
আজ ২২ জুন মঙ্গলবার সকালে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালের রেড জোনে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ জন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ২০ জন। বর্তমানে খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১০৯ জন চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিরা হলেন- নগরীর খালিশপুরের মোসারফ হোসেন (৬৪), রূপসার আঞ্জুমান আক্তার (৫৫), নড়াইল সদরের খাদিজা পারভীন (৩৮), খুলনার তেরখাদার তাসলিমা বেগম (৮০), সাতক্ষীরার তালার সৈয়দ শাহারিয়া (৭১), নগরীর সোনাডাঙ্গার কাজী মাফরুফা (৬৩) ও বাগেরহাটের মংলার লাকি বেগম (৫০)।
এছাড়া খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে শেখ মোশারফ হোসেন (৭৬) নামের ১ জনের মৃত্যু হয়েছে। তিনি যশোরের নওয়াপাড়া এলাকার বাসিন্দা। খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩২ জন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন। খুলনার বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, সেখানে ৭৫ জন পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২০ জন ও ছাড়পত্র নিয়েছেন ১৭ জন। মারা গেছে তিন জন। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ১৬ নমুনা পরীক্ষায় ১৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে, গত ২১ জুন সোমবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেছেন, পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ৩২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ১১ জন, যশোরের ৫ জন, সাতক্ষীরার ৩ জন, নড়াইলের ৩ জন, কুমিল্লা, বরগুনা, নাটোর ও টাঙ্গাইলের ১ জন করে করোনা শনাক্ত হয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
