UsharAlo logo
, |

৩ এপিবিএন খুলনার সাইবার ক্রাইম ইউনিটের সফলতা ডিসেম্বরে ৬৭টি হারানো মোবাইল ও ৪৫ হাজার ৬০০ টাকা উদ্ধার

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় গঠিত অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট ডিসেম্বর/২০২৫ মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইউনিটটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্ত অপরাধ দমনসহ সাইবার বুলিংয়ের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

অধিনায়কের দিকনির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইয়াছিন আলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইউনিট ডিসেম্বর মাসে বিভিন্ন থানায় দায়েরকৃত মোবাইল হারানো সংক্রান্ত জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে সর্বমোট ৬৭টি মোবাইল ফোন। একই সঙ্গে বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ৪৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

গতকাল উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক। এ সময় তিনি বলেন, জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পেলে আরও বেশি ভুক্তভোগীকে আইনি সেবা প্রদান করা সম্ভব হবে।

এছাড়াও সাইবার ক্রাইম ইউনিট দুইটি হ্যাক হওয়া ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছে এবং বিভিন্ন অনলাইন প্রতারণা ও সাইবার বুলিংয়ের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ৩ এপিবিএন খুলনার এই কার্যক্রম সাইবার অপরাধ দমন ও সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঊআ-মোহন চৌধুরী