UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

৪১ জন সাংবাদিক সেপ্টেম্বর মাসে সারাদেশে নির্যাতন, হামলা, গ্রেপ্তার ও হুমকির শিকার হয়েছে

Mohon Chowdhury
অক্টোবর ৪, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ দিন দিন চরম হুমকির মুখে পড়ছে। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর নিয়মিত পর্যবেক্ষণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সারাদেশে পেশাগত দায়িত্ব পালন ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে মোট ৪১ জন সাংবাদিক হামলা, মারধর, প্রাণনাশের হুমকি, আইনি হয়রানি, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন।
সংবাদমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর ধারাবাহিক নির্যাতন ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে BJPC।
সেপ্টেম্বর ২০২৬-এ সারাদেশের চিত্র:
সারা বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা ও বরিশাল বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ, রংপুর ও অন্যান্য এলাকায় ২ জনসহ মোট ৪১ জন সাংবাদিক হামলা, মামলা ও হুমকির শিকার হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিকদের ওপর বিচ্ছিন্নভাবে এসব নির্যাতনের ঘটনা ঘটেছে।
ঢাকা বিভাগের ঘটনাসমূহ
১. মো. আবুল খায়েরসহ ৩ জন (ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা) — ১০ সেপ্টেম্বর | মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশ করায় হত্যার হুমকি; বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি)।
২. এস. এম. রবিউল আউয়াল (ঢাকা) — সাইবার হয়রানি ও হত্যার হুমকির ঘটনায় আদালতে পিটিশন মামলা।
৩. কালাম মুহাম্মদ (ঢাকা) — ১২ সেপ্টেম্বর | ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হামলায় আহত; ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন।
৪. কাজী ফরিদ আহমদ (বৈশাখী টিভি, ঢাকা/নরসিংদী) — ১৪ সেপ্টেম্বর | পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণনাশের হুমকি; বনানী থানায় জিডি।
৫. অজ্ঞাতনামা ২ জন সাংবাদিক (ঢাকা) — ১৪ সেপ্টেম্বর | কদমতলীতে তথ্য সংগ্রহের সময় হামলা এবং উল্টো মামলার হুমকি।
৬. নাম প্রকাশে অনিচ্ছুক টিভি সাংবাদিক (পল্লবী, ঢাকা) — ১৪ সেপ্টেম্বর | অপরাধসংক্রান্ত খবরের জেরে বাসায় গুলি বর্ষণ।
৭. মো. কামরুজ্জামান খান (টাইমস অব বাংলাদেশ, সাভার) — ২১ সেপ্টেম্বর | সাভারে বাসে অগ্নিসংযোগের মামলায় মিথ্যা আসামি করা হয়।
৮. মো. জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো. সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো. তোফায়েল আহমেদ (ফ্রিল্যান্স সাংবাদিক), ঢাকা — ২৭ সেপ্টেম্বর | সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সংবাদ সংগ্রহের সময় হামলায় আহত।
৯. আবু জাফর সূর্য (সাবেক সভাপতি, ডিইউজে) — ২৬ সেপ্টেম্বর | গুলিস্তানে জাসদ কার্যালয়ে অভিযানের সময় আটক।
১০. মো. মাছুম মিঞা (দৈনিক যুগযুগান্তর ও এমএইচ নিউজ-২৪, নারায়ণগঞ্জ) — ১ অক্টোবর | সংবাদ প্রকাশের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলায় গুরুতর আহত।
রাজশাহী বিভাগের ঘটনাসমূহ
১. মো. শাহিনুর রহমান সোনা (দৈনিক সকালের সময়, রাজশাহী) — ৯ সেপ্টেম্বর | অনুসন্ধানী সংবাদের জেরে ফোনে প্রাণনাশের হুমকি; বোয়ালিয়া থানায় জিডি।
২. সুলতান মাহমুদ (সিরাজগঞ্জ) — ৯ সেপ্টেম্বর | ফোনে অপহরণ, হত্যা ও লাশ গুমের হুমকি এবং অপহরণের চেষ্টা।
৩. আল-আমিন (দৈনিক শ্যামবাজার, সিরাজগঞ্জ) — ২১ সেপ্টেম্বর | উল্লাপাড়ায় হামলা ও চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ।
খুলনা ও বরিশাল বিভাগের ঘটনাসমূহ
১. আশরাফ-উজ-জামান খান (দৈনিক ইত্তেফাক), আবদুল্লাহ আল ফুয়াদ (দৈনিক কল্যাণ), জয়দেব চক্রবর্তী (দৈনিক লোকসমাজ), মোতাহার হোসাইন (সমকাল), মেহেদী হাসান জাহিদ (সময়ের খবর), দিলীপ মোদক (প্রথম আলো) ও শেখ শাহীনুর ইসলাম (দৈনিক করতোয়া), যশোর — ২০ সেপ্টেম্বর | কেশবপুর প্রেসক্লাবে হামলার ঘটনায় ৭ সাংবাদিক আহত ও নিপীড়নের শিকার।
২. মেহেরাব্বিন সানভী (দৈনিক সময়ের সমীকরণ ও আজকের পত্রিকা, চুয়াডাঙ্গা) — ২১–২২ সেপ্টেম্বর | পেশাগত দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ।
৩. মাহবুবুল আহসান উল্লাস (বাংলা টিভি, কুষ্টিয়া) — ১৯ সেপ্টেম্বর | সড়ক নির্মাণের অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে হামলা ও হুমকির শিকার; মামলা দায়ের।
৪. মিজানুর রহমান (দৈনিক ইনকিলাব, মাদারীপুর) — ১০ সেপ্টেম্বর | সন্ত্রাসী হামলায় আহত; প্রধান অভিযুক্ত গ্রেপ্তার।
৫. আসাদুজ্জামান মুরাদ ও সাইফুল অপূর্ব (দৈনিক বরিশাল মুখপত্র, বরিশাল) — ২৯ সেপ্টেম্বর | সংঘর্ষের ভিডিও ধারণের সময় হামলা ও ভিডিও মুছে ফেলার চেষ্টা।
৬. এনামুল হক ও মো. রিয়াজ (পটুয়াখালী) — ২৭ সেপ্টেম্বর | বিতর্কিত মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
৭. আসাদুল হক সবুজ (দৈনিক কালবেলা, বরগুনা) — ১ অক্টোবর | শত্রুতাবশত দায়ের করা এক কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ঘটনাসমূহ
১. আমিরুল ইসলাম রাশেদ (কক্সবাজার) — ১৮ সেপ্টেম্বর | চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা।
২. নুর তানজিলা রহমান (স্বদেশ কণ্ঠ), জাহিদুল আলম রাজন (এনটিভি অনলাইন), আবদুল আল নোমান (৭১ টিভি) ও কাওছার আহমেদ (ফেনী সমাচার), ফেনী — ২৩ সেপ্টেম্বর | ফেসবুক লাইভে মানহানিকর বক্তব্য ও হুমকির মুখে ৪ সাংবাদিকের জিডি।
৩. মোশাহিদ আলী (আমার সংবাদ), এআর সায়েম ও লোকমান আহমদ (সুনামগঞ্জ) — ২৪ সেপ্টেম্বর | ছাত্রদল-শিবির সংঘর্ষের খবর সংগ্রহের সময় হেনস্তা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা।
ময়মনসিংহ, রংপুর ও অন্যান্য এলাকার ঘটনাসমূহ
১. গোলজার হানিফ (নোয়াখালী) ও মো. মনিরুজ্জামান (ভোরের চেতনা, সোনাইমুড়ী) — ১৮ সেপ্টেম্বর | এতিমখানার অনিয়ম প্রকাশের পর ডেকে নিয়ে হামলা ও মালামাল ছিনতাই।
২. সৈয়দ আমান উল্লাহ (অর্থনীতি ডট কম) — ১১ সেপ্টেম্বর | কিশোর গ্যাং ও অপরাধসংক্রান্ত খবর প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি।
৩. নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিক (গাইবান্ধা সদর) — ২৯ সেপ্টেম্বর | অবৈধ সার মজুতের খবর সংগ্রহকালে অবরুদ্ধ ও হেনস্তার শিকার।
৪. নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিক (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়) — ২৯ সেপ্টেম্বর | শিক্ষার্থীদের হাতাহাতির দৃশ্য ধারণের সময় হেনস্তার শিকার।
আমাদের দাবি ও আহ্বান
১. হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার: সাংবাদিকদের ওপর প্রতিটি হামলার ঘটনায় জড়িত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২. নিরাপত্তা নিশ্চিতকরণ: পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সার্বিক আইনি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. মিথ্যা মামলা প্রত্যাহার: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
BJPC স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি দেখিয়ে তাঁদের সততা ও বস্তুনিষ্ঠতাকে দাবিয়ে রাখা যাবে না। অবিলম্বে এসব বন্ধ না হলে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
দ্রষ্টব্য: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং আমাদের জেলা ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হলো।
বিবেচনা ও প্রচারের অনুরোধে,
আনিছুর রহমান কবির
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)
ই-মেইল: bjpc.bangladesh@gmail.com
ফোন: +8801915811448