ঊষার আলো প্রতিবেদক : খুলনায় ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (নি:) মোখলেছুর রহমানকে সামরিক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ মে) সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. জাহাংগীর আলম সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (১৭ মে) দুপুরে ধর্ষণের শিকার ওই তরুণী খুলনায় থানায় এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. জাহাংগীর আলম জানান, গত ১৩ মে রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মহিলা হোস্টেলে ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে অবস্থানরতদের নিরাপত্তায় কেএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত এএসআই (নি.)/৪১০৬ মোকলেছুর রহমান (বিপি নম্বর-৭৭৯৭০৪৭২১০) নিয়োজিত ছিলেন। ডিউটিতে থাকাকালীন উক্ত এএসআই কোয়ারেন্টিনে অবস্থানরত এক যুবতীর কক্ষে অনুমতিতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরের দিন রাতে সে আবারো ওই যুবতীর কক্ষে প্রবেশ করে তাকে পুনরায় জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ওই তরুণী চিৎকার করলে এএসআই মাকলেছুর দ্রুত নিচে নেমে যায়। ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের নজরে আসলে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলে।
তিনি জানান, এএসআই মোকলেছুর রহমানকেক গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত তরুণী খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
(ঊষার আলো-এমএনএস)
