UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন আবাসভূমির অধিকার নিশ্চিত করতে হবে

ঊষার আলো
মে ১৮, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফিলিস্তিনে সামরিক হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনীদের স্বাধীন আবাসভূমির অধিকার, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তি, হেনস্তকারীদের বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, ইউসিএলবি’র সম্পাদকমন্ডলীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবদুল করীম, সহ-সভাপতি ইলিয়াস আকন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, গণসংহতি আন্দোলন নেতা সেলিম বকুল, আর এস বিপ্লব, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, সহ-সম্পাদক পারভীন আক্তার, মহানগর সদস্য সচিব শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ছাত্র ফেডারেশন মহানগর আহবায়ক আল আমীন শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সদস্য মাহিলা আক্তার আনিকা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৪৭ সাল থেকেই ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে আসছে জায়নবাদী ইসরাইল। স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে। এই সুদীর্ঘ সময়ে দখলদার ইসরাইলী বাহিনীর গুলি, বোমাবর্ষণ ও নির্যাতনে হাজার-হাজার নারী-পুরুষ-শিশু মৃত্যুবরণ করেছে। বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই অমানবিক ও সন্ত্রাসী তৎপরতায় প্রত্যক্ষভাবে মদদ যুগিয়ে আসছে। প্রতিবারই জাতিসংঘ পালন করেছে নীরব ভূমিকা। গত ৭ মে থেকে ১৭ মে পর্যন্ত ১২ দিন ধরে আগ্রাসী ইসরাইল বাহিনী বর্ববোরচিত সামরিক হামলা শুরু করেছে। মুসলীমদের অন্যতম প্রতিষ্ঠান আল আকসা মসজিদ প্রাঙ্গনে হামলা চালিয়েছে। হামলা করে গুড়িয়ে দেয়া হয়েছে ১২তলা একটি ভবন। এরই মধ্যে নিহত হয়েছেন ৫৮ জন শিশুসহ ২০০ শতাধিক ফিলিস্তিন নাগরিক। রমজান মাসে এ ধরনের হামলা সারা বিশ্বের মানুষের বিবেককে প্রচন্ড নাড়া দিয়েছে। বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে নিজেদের অস্ত্রের বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসাকে রমরমা রাখতে, তেল ও খনিজ সম্পদ লুণ্ঠন করতেই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সন্ত্রাসী তৎপরতায় ইন্ধন যোগাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে ঘৃণ্য হামলা, গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বাধীন আবাসভূমির অধিকার নিশ্চিতকরণ এবং দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি, হেনস্তকারীদের বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

(ঊষার আলো-এমএনএস)