ঊষার আলো রিপোর্ট : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ধারাবাহিক প্রাকৃতিক বিপর্যয় এবং সরকারের ভুল কৌশলের কারণে দেশের দক্ষিণাঞ্চল নানাভাবে বিপর্যস্ত। ক্রমবর্ধমান লবণাক্ততা, কৃষি জমি অনুর্বর ও নষ্ট হয়ে যাওয়া অপরিকল্পিত চিংড়ি চাষ, মিঠা পানির অভাব কৃষিকে বিপর্যস্ত করে তুলেছে। সুন্দরবনের ধারাবাহিক অগ্নিকাণ্ড ও বনভূমি জবরদখলে বন পর্যায়ক্রমে উজাড় হয়ে যাচ্ছে। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ উপকূলীয় কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসমূহ সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলে প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য বিনাশে বড় ভূমিকা রাখছে। এসব প্রকল্প পুরোদমে চালু হলে মাটি, পানি, বায়ু দূষিত হয়ে বড় ধরনের প্রাকৃতি বিপর্যয়ের মধ্যে নিপতিত হবে। তিনি বলেন, এমনিতে দেশের দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবে বিপদগ্রস্ত। তারপর এসব প্রকল্প চালু হলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তিনি অনতিবিলম্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ দক্ষিণাঞ্চলে জন্য বিপর্যয় সৃষ্টিকারী সকল অপতৎপরতা বন্ধের আহ্বান জানান। তিনি দেশের দক্ষিণাঞ্চলের জন্য একটি জাতীয় কমিশন গঠন এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য আগামী জাতীয় বাজেটে পর্যাপ্ত থোক বরাদ্দ রাখার জন্য সরকারে প্রতি আহ্বান জানান। সকালে পার্টির জেলা কমিটির সভায় তিনি উপরোল্লিখিত বক্তব্য রাখেন। পার্টির জেলা কমিটির প্রবীণ নেতা মনিরুল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন সালাউদ্দিন গাজী পিকু, ফরহাদ হোসেন খান, গোলাম মোস্তফা, শাহাদাৎ হোসেন, মোঃ মুসা, মোসাঃ সবে, লামিয়া আক্তার প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)
