ঊষার আলো ডেস্ক : এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে খুলনা থেকে ইতালি এবং ইংল্যান্ডে সবজি রপ্তানি শুরু হয়েছে।
গত শুক্রবার জেলার ডুমুরিয়া উপজেলার ভিলেজ সুপার মার্কেট থেকে পটোল, পেঁপে, কচুর লতি এবং কাঁচা কলা পাঠানো হয়েছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন গণমাধ্যমকে বলেন, খুলনা থেকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সবজি ইউরোপে যাচ্ছে। শস্যভাণ্ডার ডুমুরিয়ার সবজি রপ্তানিকারকদের নির্দেশনা অনুযায়ী সবজি প্রক্রিয়াজাতের পর রপ্তানি করা হয়েছে। ভিলেজ সুপার মার্কেট থেকে ট্রাকে করে ১ মেট্রিক টন সবজি প্রথমে ঢাকায় তারপর প্লেনে সরাসরি ইতালিতে যাবে। প্রথম চালানটি যাবে ইতালিতে। কিন্তু পরে ইউরোপের অন্যান্য দেশেও যাবে।
তিনি আরও জানান, সবজি রপ্তানির সার্বিক সহযোগিতা করছে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আর্থিক সহায়তা দিচ্ছে সফল নামের এক বেসরকারি প্রতিষ্ঠান।
জানা যায়, এনএইচবি করপোরেশন এবং আরআর এন্টারপ্রাইজ নামের দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসকল সবজি রপ্তানি করছে। এনআইচবি করপোরেশন ইতালিতে ও আরআর এন্টারপ্রাইজ ইংল্যান্ডে সবজি রপ্তানি করবে। সফল প্রকল্পের আওতায় খুলনাসহ যশোরে প্রায় দেড় লাখ কৃষক নিরাপদ সবজি উৎপাদন করছেন। সেসকল সবজি প্রক্রিয়াকরণের জন্য ডাচ সরকারের আর্থিক সহায়তায় ডুমুরিয়াতে ভিলেজ সুপার মার্কেট প্রতিষ্ঠা করা হয়েছে। আর্থিক এবং কারিগরি সহায়তা দিচ্ছে ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ নামক একটি আন্তর্জাতিক সংস্থা। সেই সংস্থার ‘সফল’ নামের একটি প্রকল্পের আওতায় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়ে থাকে। অবস্য মূলত সফল প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের কাছ হতেই সবজি নেওয়া হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)
