UsharAlo logo
, |

নির্বাচনী ষড়যন্ত্রের মধ্যেও দৃঢ় অবস্থানে এস এম মনিরুল হাসান বাপ্পী

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়ায় নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

জনসভায় তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নানা অপচেষ্টা চললেও কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি নেতাকর্মী ও ভোটারদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। বাপ্পী বলেন, ১৭ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার সবাই নিজ নিজ ভোট নিজেকেই দিতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে এবং উন্নয়ন ও সাম্য প্রতিষ্ঠায় কাজ করবে।

তিনি আরও বলেন, পাইকগাছা-কয়রা অঞ্চলের আগের জনপ্রতিনিধিরা জনকল্যাণমুখী কার্যক্রমে ব্যর্থ হওয়ায় এ অঞ্চলের জনগণ ভোটের গুরুত্ব হারিয়েছে। তাই তিনি ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নিজেরা নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানান।

জনসভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নূরুল আমিন বাবুল, সদস্য সচিব এম এ হাসান, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান বেল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা জাসাস আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ অন্যান্য নেতা ও দলের স্থানীয় নেতাকর্মীরা।

প্রার্থী বাপ্পী সকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিন তিনি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে সাংগঠনিক সভা করেন, স্থানীয় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়ামঞ্চে উপস্থিত থেকে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঊআ-মোহন চৌধুরী