এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীনের স্বামী ও চেচুড়িয়া কেবি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এনায়েতুল্লাহ মোড়ল (৬৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর জামিরা বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার নিউরো সায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রথম জানাযা অনুষ্ঠিত হয় বাদ মাগরিব জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এবং পরে চেচুড়িয়া কেবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। প্রথম জানাযার ইমামতি করেন সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান এবং দ্বিতীয় জানাযার ইমামতি করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শোকসভায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রতিটি মৃত্যুই আমাদের কাছে বেদনাদায়ক। সময় ফুরিয়ে গেলে আমাদের প্রত্যেককেই মহান রবের কাছে ফিরে যেতে হবে। আমি ঢাকায় গিয়ে হাসপাতালে তার খোঁজ নিয়েছি ও দোয়া করেছি। মহান রব তার সময় আজ সকাল পর্যন্ত রেখেছিলেন। পৃথিবীর কোন চিকিৎসা তাকে রক্ষা করতে পারেনি।” তিনি নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং গভীর সমবেদনা জানান।
শোকসভায় খুলনা জেলা জামায়াত, স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
ঊআ-মোহন চৌধুরী
