খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় সিএসই ফেস্ট–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী এ উৎসব ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিএসই ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের মন প্রফুল্ল রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আরও জানান, নতুন ক্যাম্পাসে আসার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সহ-শিক্ষা কার্যক্রম আরও জোরদার হয়েছে, ফলে ক্যাম্পাস হয়ে উঠেছে প্রাণবন্ত ও উদ্দীপনামুখর। পরবর্তীতে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রথীন্দ্র নাথ মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ সিএসই ও অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিএসই ফেস্ট–২০২৫ উপলক্ষে প্রোগ্রামিং কনটেস্টসহ ফুটবল, ক্রিকেট, ক্যারাম, লুডু, দাবা, চেয়ার সিটিং, বল নিক্ষেপ ও হাড়িভাঙ্গা খেলার আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শফিকুল ইসলাম, সেকশন অফিসার, কেকেবিএইউ।
সিএসই ফেস্ট–২০২৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, ঐক্য ও সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন আয়োজকরা।
ঊআ-মোহন চৌধুরী
