খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে ‘পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন লার্নিং সেশন অন সোশ্যাল ইমোশনাল ওয়েলবেইং (এসইডব্লিউ)’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউনেস্কো বাংলাদেশের যৌথ উদ্যোগে জুলাই–আগস্ট ২০২৪-এর চেতনাবোধকে সামনে রেখে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ সেশন আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গর্বের অধ্যায় হলেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া অনেক শিক্ষার্থী এখনো তার মানসিক অভিঘাত বহন করছে। এ সময় তিনি শহিদ মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আত্মপরিচয়, লক্ষ্য নির্ধারণ ও ইতিবাচক গুণাবলির সঠিক প্রয়োগ ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবার, বিশেষ করে মা–বাবার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখাকে মানসিক সুস্থতার জন্য অপরিহার্য উল্লেখ করেন তিনি। ইমোশনাল স্কিলস উন্নয়ন আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে, যা সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, সামাজিক দায়িত্ববোধ ও আবেগগত স্থিতিশীলতা গঠনে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বিভিন্ন ক্লাব ও সংগঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেতৃত্ব বিকাশের পাশাপাশি হতাশা দূর করতে কার্যকর ভূমিকা রাখছে।
সেশনে মূল বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। তিনি চাপ ব্যবস্থাপনা, আবেগ নিয়ন্ত্রণ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও স্বাস্থ্যকর যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইউকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ইসরাত জাহান শাহরিন। বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সেশনে অংশ নেন।
ঊআ-মোহন চৌধুরী
