UsharAlo logo
, |

খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় মতবিনিময় সভা, রকিবুল ইসলাম বকুলের উন্নয়ন প্রতিশ্রুতি

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় খুলনা মহানগরীর দৌলতপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভা। দোয়ায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং জাতীয়তাবাদী রাজনীতিতে নেতৃত্ব ধরে রাখার জন্য প্রার্থনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, “আমি ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের সন্তান হিসেবে কুশল জানতে। সুখে-দুঃখে পাশে থাকা—এটাই আমার প্রতিশ্রুতি। আল্লাহ সুযোগ দিলে খুলনার মানুষের ভাগ্য পাল্টে দেব ইনশাআল্লাহ।”

রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার এক সময়ের প্রাণচাঞ্চল্য শিল্পাঞ্চল আজ স্থবির হয়ে পড়েছে। ২৬টি জুট মিলসহ অসংখ্য কল-কারখানা বন্ধ হওয়ায় হাজার হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে ব্যবসায়ীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে এবং বন্ধ কল-কারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

সভায় তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী শিক্ষার সুযোগ হারায়, সে দায়িত্ব তিনি ব্যক্তিগতভাবে নেবেন। এছাড়া বেকার যুবসমাজের হাতে কাজ তুলে দেওয়ার মাধ্যমে মাদকের অভিশাপ দূর করা সম্ভব হবে। খুলনা-৩ আসনে আধুনিক সরকারি হাসপাতালের অভাবের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে রকিবুল ইসলাম বকুল জানান, নির্বাচিত হলে সরকারি অর্থায়নে এ এলাকায় সর্বাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা পাবেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার রাষ্ট্র সংস্কারের কথা তুলে ধরে বলেন, “৩১ দফা হবে আগামীর বাংলাদেশের মুক্তির সনদ। দলের কেউ যদি সিন্ডিকেট বা অনৈতিক কাজে জড়ায়, তবে তাকে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না।”

সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতু, আখুঞ্জি হারুন অর রশিদ, মোঃ শহিদুল ইসলাম সিআইপি, বিজেএ নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, খুলনা জেলা ট্রাক-লরি-কভার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ অহিদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধি। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী