UsharAlo logo
, |

ফকিরহাটে জলবায়ু ঝুঁকিতে থাকা নারীদের অংশগ্রহণে কমিউনিটি ডায়লগ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

উপকূলীয় জলবায়ু ঝুঁকিতে থাকা নারীদের সক্রিয় অংশগ্রহণ ও মতামত গ্রহণের লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে উঠান বৈঠকের আদলে একটি কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নলধা গ্রামের উন্মুক্ত উঠানে আপস যুব সংগঠনের উদ্যোগে ‘ইকোফ্লট’ প্রকল্পের আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বিভিন্ন বয়স ও পেশার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনায় নারীরা জলাবদ্ধতা, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সংসারভিত্তিক কৃষি সংকট ও জীবিকা হারানোর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে ভাসমান কৃষি (ইকোফ্লট), পারিবারিক সবজি উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিকল্প আয়ের সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।

জানা গেছে, ‘ইকোফ্লট’ প্রকল্পটি আপসের অফিসিয়াল পার্টনার সংগঠন আস্থা সেবা সংস্থা ফকিরহাটে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে। এতে আপস যুব সংগঠন কারিগরি (টেকনিক্যাল) সহায়তা প্রদান করছে। বৈঠকে আপসের প্রতিনিধিরা ইকোফ্লট প্রযুক্তির ব্যবহার, বাস্তবায়ন পদ্ধতি এবং নারীদের জন্য সম্ভাব্য প্রশিক্ষণ ও দিকনির্দেশনা তুলে ধরেন।

বক্তারা বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে নারীদের স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। কমিউনিটি-ভিত্তিক এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উঠান বৈঠক শেষে অংশগ্রহণকারী নারীদের মতামত ও প্রস্তাবের আলোকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে আপস যুব সংগঠন ও আস্থা সেবা সংস্থা যৌথভাবে নারী নেতৃত্ব বিকাশ এবং জলবায়ু সহনশীল টেকসই উদ্যোগ জোরদারে কাজ অব্যাহত রাখবে বলে জানানো হয়।

ঊআ-মোহন চৌধুরী