UsharAlo logo
, |

খুলনায় বড়দিন উপলক্ষে সোনাডাঙ্গা ব্যাপ্টিষ্ট গীর্জায় বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খুলনার সোনাডাঙ্গা ব্যাপ্টিষ্ট গীর্জায় শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গীর্জা পরিদর্শন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, মুসা হোসেন খান, শেখ ফারুক হোসেন, নূর হোসেন বাদল, আবুল কালাম আজাদ, সুলতান মাহমুদ, রিচার্ড রানা, সেকেন্দার, রবিরাজ, গাজী আনিস, মুন্নি জামান, শিল্পী আক্তার, নাসরিন বেগম, শিল্পী বেগম, অনন্যা বেগম, সাহিদা আক্তার, লিজা খাতুনসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেন, বড়দিন শান্তি, সম্প্রীতি ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। যীশু খ্রিস্ট মানবকল্যাণ, ভালোবাসা ও ত্যাগের যে আদর্শ রেখে গেছেন, তা আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র—এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসতে হবে এবং ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করতে হবে।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতার জন্য সারা দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দোয়া করছেন। মহান আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন বলে আমরা বিশ্বাস করি।

শেষে তিনি বড়দিনের এই পবিত্র দিনে খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত।

এ সময় গীর্জার ধর্মীয় নেতৃবৃন্দ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা বিএনপি নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ঊআ-মোহন চৌধুরী