UsharAlo logo
, |

আপসহীন নেতৃত্বের প্রতীক খালেদা জিয়া: নজরুল ইসলাম মঞ্জু

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে আলাদা করে চেনা যায় তাঁর সিদ্ধান্তের দৃঢ়তা ও আপসহীন নেতৃত্বের কারণে। স্বৈরশাসক এইচ এম এরশাদের অধীনে ১৯৮৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা অংশ নিলেও খালেদা জিয়া সেই পথে না গিয়ে সংগ্রামকেই বেছে নিয়েছিলেন—এমন মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, আপস নয়—সংগ্রামই ছিল খালেদা জিয়ার রাজনীতির মূল দর্শন। সময়ই তাঁর সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতন ঘটে এবং ১৯৯১ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি আরও বলেন, পরবর্তী রাজনৈতিক জীবনে কারাবরণ, নিপীড়ন ও দমন-পীড়নের মুখে পড়েও বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। একাধিকবার গ্রেপ্তার ও অন্তরীণ হলেও তাঁকে কখনো আপসহীন অবস্থান থেকে সরে আসতে দেখা যায়নি। এ কারণেই খালেদা জিয়ার রাজনৈতিক চরিত্রের সঙ্গে ‘আপসহীন নেত্রী’ অভিধা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, এক-এগারোর পর রাজনীতি পুনরুদ্ধারের সময়েও খালেদা জিয়া আপসের পথে হাঁটেননি। প্রবল চাপ থাকা সত্ত্বেও তিনি ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলেন, কারণ তাঁর স্পষ্ট অবস্থান ছিল—ফ্যাসিবাদী সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সে কারণেই তিনি ওই নির্বাচনে অংশ নিয়ে সরকারের বৈধতা দিতে রাজি হননি। তিনি দেশবাসীর কাছে এই আপসহীন নেত্রীর জন্য দোয়া কামনা করেন।

জানাজায় এ সময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, মেহেদী হাসান সোহাগ, আসলাম হোসেন, শরিফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, নুরুল ইসলাম লিটন, আলমগীর হোসেন আলম, সুলতান মাহমুদ সুমন, সাখাওয়াত হোসেন, শামীম আশরাফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী জানাজায় অংশ নিয়ে আপসহীন এই নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

ঊআ-মোহন চৌধুরী