উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দাকোপ উপজেলায় ‘কৃষকের নেতৃত্বে জীবিকা উন্নয়ন প্রকল্প’-এর নতুন পর্যায়ের যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) সকালে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক প্রারম্ভিক সভার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকজ’-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো: বোরহান উদ্দিন মিঠু। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় কৃষিতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় কৃষকদের সরাসরি অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প দাকোপের প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে সভায় জানানো হয়, ২০১১ সাল থেকে বটিয়াঘাটায় সফলভাবে বাস্তবায়িত প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দাকোপের কামারখোলা, দাকোপ ও কৌলাশগঞ্জ ইউনিয়নে কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার, লোনা পানি সহিষ্ণু ফসল চাষ, ধান বীজ সংরক্ষণ, বাজারজাতকরণে দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বঙ্কিম কুমার হালদার, সমাজসেবা অফিসার প্রজিত রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মো: শামীম হোসেন, দাকোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বজিৎ রায়সহ বিভিন্ন কৃষক সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, উপকূলীয় এলাকার কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। তারা প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।
ঊআ-মোহন চৌধুরী
