আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বরগুনায় নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালনরত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও মাঠপর্যায়ের কার্যক্রম খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, বরগুনা জেলা প্রশাসক, ডিআইজি (বরিশাল রেঞ্জ), পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, সেনাবাহিনী, র্যাব, আনসারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নৌবাহিনী প্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যে নৌবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। স্বার্থান্বেষী মহলের যে কোনো সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং অব্যাহত রয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
নৌবাহিনী প্রধান বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা দিতে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর। দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাই নৌবাহিনীর প্রধান লক্ষ্য।
ঊআ-রহমাতুল্লাহ
