UsharAlo logo
, |

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে খুলনা জেলা প্রশাসনের নানা কর্মসূচি

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

 মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ পতাকা বিধিমালা, ১৯৭২ যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় নগরভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ জোহর বা সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে এবং প্রার্থনায় ভাষা শহিদদের সঠিক নাম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শহিদ হাদিস পার্কে খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন ও একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এছাড়া ১৯ ফেব্রুয়ারি সুবিধাজনক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জেলার বিভিন্ন উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে।

ঊআ-এসডি