UsharAlo logo
, |

বদরের শিক্ষা কাজে লাগিয়ে মুসলিম মিল্লাতের বিজয়ের জন্য দোয়ার আহ্বান: মুহাদ্দিস আব্দুল খালেক

ঊষার আলো ডেস্ক
মার্চ ৭, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, ১৭ রমযান ৩১৩ জন মুজাহিদ এক হাজার কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে বদরের ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলেন। সেই বদরের শিক্ষাকে কাজে লাগিয়ে বর্তমান বিশ্বেও যেন মুসলিম মিল্লাতের বিজয় আসে—সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ইরানের বিজয়ের মধ্য দিয়ে মুসলিম মিল্লাত যেন বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য বিশ্ব মুসলিমকে সোচ্চার হতে হবে। রমযানের শেষ দশকে মুসলিম মিল্লাতের নাজাতের জন্য সবাইকে বেশি বেশি দোয়া করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইসলামি শক্তিকে পরাজিত করার নীলনকশা থাকলেও দেশের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফলাফল মেনে নিয়েছে। তবে এ ধরনের চক্রান্ত অব্যাহত থাকলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

শনিবার (৭ মার্চ) খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর হোটেল সিটি ইন-এ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কুরআন তেলাওয়াত করেন খুলনা মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দীক। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত আমল আরও সুন্দর করতে হবে। খুলনা মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রকৃতপক্ষে রমযান হলো পূর্বের সব গুনাহর জন্য ক্ষমা চেয়ে সত্যিকারের মুসলমান হয়ে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করা উচিত। ফরজ নামাজ ও রোজার পাশাপাশি তারাবিহ, তাহাজ্জুদ, জিকির এবং কুরআন তেলাওয়াতে সময় কাটানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। সেই সঙ্গে দান-সদকা করা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন বা কারাবরণ করেছেন—আল্লাহ তাদের ত্যাগ কবুল করুন। তিনি বলেন, মুক্তি অর্জনের জন্য সংগ্রাম অপরিহার্য। জাতীয় ঐক্যের মাধ্যমে বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ঊআ-মোচৌ