‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসচেতনতাই দুর্যোগ প্রস্তুতির প্রধান হাতিয়ার। সঠিক প্রস্তুতি থাকলে যেকোনো দুর্ঘটনাকে বড় ধরনের বিপর্যয়ে রূপ নেওয়া থেকে প্রতিহত করা সম্ভব এবং এতে জানমালের ক্ষয়ক্ষতিও অনেকাংশে কমিয়ে আনা যায়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ উল্লেখ করে তিনি দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাহস ও সচেতনতার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত বৃক্ষরোপণ করা গেলে একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেট চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়। এর আগে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।