খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার খালিশপুরের হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, যা অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের ১৪টি স্থানে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির নারীদের ৪৯ ধরনের তথ্য-উপাত্ত পিএম স্কোরিং পদ্ধতির মাধ্যমে প্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। সারা দেশে আজ ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগী ফ্যামিলি কার্ড পাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, সরকারের মাত্র ২৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নারীদের সাবলম্বী করার প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন হচ্ছে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি। তিনি জানান, জুন মাসের বাজেটের পর পরিপূর্ণ আকারে সবার কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। জনউন্নয়নের এই ধারা অব্যাহত রেখে মিল-কলকারখানা ও মৃতপ্রায় শিল্প নগরীগুলো পুনরুজ্জীবিত করে খুলনাকে আধুনিক শিল্প নগরীতে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, কোনো অন্যায়, মাদক বা সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না এবং দলমত নির্বিশেষে জনগণের সহযোগিতায় স্বপ্নের খুলনা গড়ে তোলা হবে।
বিশেষ অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্তমানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ইমাম ও পুরোহিতদের সহায়তার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে এবং ভালো মানুষের মাধ্যমেই নতুন পথ তৈরি হবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপকারভোগীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ৫ হাজার ২৭৫ জন উপকারভোগীর মধ্যে আজ ৪ হাজার ১৫৮ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকি কার্ড বিতরণ করা হবে।
ঊআ-মোচৌ
