UsharAlo logo
, |

আগামী ৬ সেপ্টেম্বর এমইউজে খুলনার দ্বিবার্ষিক নির্বাচন

ঊষার আলো রিপোর্টার
জুলাই ২৫, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন এবং ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

সভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহেরকে। সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিন-এর সম্পাদক সোহাগ দেওয়ান এবং খুলনা গেজেট পত্রিকার সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।

এছাড়া সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ সদস্যদের মতামত গ্রহণ করা হয়।