UsharAlo logo
, |

খুলনা প্রেসক্লাবে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের মতবিনিময় সভা

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর নবনিযুক্ত মহাপরিচালক, বিশিষ্ট কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফের সঙ্গে খুলনার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নীতি-নৈতিকতা অনুসরণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ এবং পরিবর্তনের অন্যতম হাতিয়ার। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ বেড়েছে। অপসাংবাদিকতা রোধ এবং পেশাদারিত্ব বজায় রাখতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, ঢাকার বাইরে বিভাগীয় ও মফস্বল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে পিআইবি পর্যায়ক্রমে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ ও কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য সোহাগ দেওয়ান, আব্দুল্লাহ আল মামুন রুবেল, ডি এম রেজা সোহাগ এবং মো. রাজু হাওলাদার।

এ সময় খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মো. আনিসউদ্দিন, ক্লাব সদস্য মো. হুমায়ুন কবীর, রামিম চৌধুরী, মো. হেলাল মোল্লা, মো. খায়রুল আলম, মো. হাসানুর রহমান তানজির, নূরুল আমিন নূর, মো. রাজু আহমেদ এবং অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

এর আগে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফারুক ওয়াসিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি খুলনা প্রেসক্লাবের লাইব্রেরির জন্য পিআইবি প্রকাশিত ছয়টি বই উপহার প্রদান করেন।