UsharAlo logo
, |

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। মশার লার্ভা ও উড়ন্ত মশা নিধন, ডেঙ্গু আক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রমে জনবল বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বেড সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রমে সম্পৃক্ত হলে ডেঙ্গু মোকাবিলা আরও ফলপ্রসূ হবে।

শনিবার সকালে নগরীর দৌলতপুরে সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়ি-সুস্থ সুন্দর জীবন গড়ি” স্লোগানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত থাকতে হবে। তিনি প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এদিকে পরে প্রশাসক হাজী ইসমাইল রোডস্থ পল্লীমঙ্গল সামছুল উলুম খাদেমুল ইসলাম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি মাদরাসা সংলগ্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিদর্শন করেন।

র‌্যালি ও মতবিনিময় অনুষ্ঠানে সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো. হামিমুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুর আলম শান্ত, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।