বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) জাহেলিয়াতে আচ্ছন্ন একটি সমাজকে পরিবর্তন করে ন্যায় ও ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান বিশ্বে বিরাজমান অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক সংকট নিরসনে তাঁর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
শনিবার নগরীর পশ্চিম টুটপাড়াস্থ মসজিদ মিশন কমপ্লেক্স মিলনায়তনে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান বলেন, পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গড়ে তুলতে পারলেই একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি মহানবী (সা.)-এর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা ও মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে সততা, শৃঙ্খলা ও সহমর্মিতা প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিশ্বজুড়ে যে অস্থিরতা বিরাজ করছে তার অন্যতম কারণ ন্যায়বিচারের অভাব। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলেই সমাজ ও রাষ্ট্রে শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মো. হুমায়ুন কবীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, মহানগরী নেতা মাওলানা মো. মনিরুজ্জামান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল গফফারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
