UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

Mohon Chowdhury
অক্টোবর ৭, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বুধবার সকালে নগরীর ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় পরিদর্শনকালে তিনি রেললাইনের দুই পাশে বসবাসরত নিম্ন আয়ের মানুষের স্যানিটেশন, ড্রেনেজ ও বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি তুলে ধরে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানান।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, সড়কের পাশে বালু ও নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে ধুলামুক্ত নগরী গঠনে বাধা সৃষ্টি হচ্ছে। জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে তিনি ৮ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট জুটমিল ও বিদ্যুৎ কেন্দ্র এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের হাজামপাড়ায় পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

ঊআ- মোচৌ